‘ইদ্দত’ শব্দের আভিধানিক অর্থ গণনা করা। শরীয়তের পরিভাষায় ইদ্দত বলা হয় স্বামীর মৃত্যু অথবা তালাক দানের পর মহিলাদের বিশেষ নিয়মে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা। ১৯১
১৯১.শামী, খণ্ড. ৩, আলমগীরী, খণ্ড. ১
ইদ্দত ওয়াজিব হয় বিবাহিতা মহিলার স্বামীর মৃত্যু ঘটলে কিংবা নিকাহে সহীহ বা নিকাহে ফাসিদের মাধ্যমে সহবাস কিংবা বাধামুক্ত নির্জন বাস সাব্যস্থ হওয়ার পর স্বামী কর্তৃক তালাক দান বা অন্য কোন কারণে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেলে। ইদ্দত পালনকালে মহিলাদের উপর অনেক বৈধ কাজ অবৈধ হয়ে যায়। যেমন, সাজসজ্জা করা, অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইত্যাদি। ১৯২
১৯২.ফাতহুল কাদীর, খণ্ড. ৪
ইদ্দত পালন করার রহস্য হল- সন্তানের নসব (বংশ) সাব্যস্ত করা। অর্থাৎ স্ত্রীর গর্ভে স্বামীর কোন সন্তান বিদ্যমান আছে কিনা তা নিশ্চিত করতে ইদ্দত পালন করতে হয়। তালাকের সাথে সাথে যদি স্ত্রী অন্য স্বামী গ্রহণ করে এবং পরে সে গর্ভবতী হয় তখন ওই সন্তান কি প্রথম স্বামীর না বর্তমান স্বামীর? তা নির্ণয় করা মুশকিল হয়ে পড়বে। তাছাড়া ইদ্দত পালনের এই দীর্ঘ সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা ও বনিবনাও হয়ে যেতে পারে।
ইদ্দতের প্রকারভেদ
ইদ্দত মোট চার প্রকার। ১. হায়েযের মাধ্যমে ইদ্দত পালন করা। যে মহিলার মাসিক হয় সে তালাকপ্রাপ্তা হলে তার ইদ্দত হবে পূর্ণ তিন হায়েয। দলীল-
والمطلقات يتربصن بانفسهن ثلاثة قروء
আর তালাকপ্রাপ্ত নারীরা তিন হায়েয পর্যন্ত অবস্থান করব। ১৯৩
১৯৩.সূরা বাকারা, আয়াত: ২২৮
২. মাস গণনার মাধ্যমে ইদ্দত পালন করা। যে মহিলার হায়েয হওয়ার সময় হয়নি কিংবা হায়েযে বয়স ইদ্দত পালন করা। যে মহিলার হায়েয হওয়ার বয়স হয়নি কিংবা হায়েযের বয়স অতিক্রম করে বার্ধক্যে পৌঁছেছে। এরূপ মহিলা তালাকপ্রাপ্তা হলে তার ইদ্দত হল তিন মাস। দলীল-
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ
তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের হায়েয হওয়ার সম্ভাবনা নেই এবং যাদের আদৌ হায়েয হয়নি তাদের ইদ্দত হল তিন মাস। ১৯৪
১৯৪.সূরা তালাক, আয়াত: ৪
৩. সন্তান প্রসবের মাধ্যমে ইদ্দত পালন। তালাক প্রাপ্তা মহিলা যদি গর্ভবতী হয়, তাহলে সে ইদ্দত পালন করবে সন্তান প্রসব করা পর্যন্ত। দলীল
-وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ
আর গর্ভবতীদের ইদ্দত হল সন্তান প্রসব করা।১৯৫
১৯৫.সূরা তালাক, আয়াত: ৪
৪. চার মাস দশ দিন। গর্ভবতী নয় এমন মহিলার স্বামী মারা গেলে তার ইদ্দত হল চারমাস দশ দিন। দলীল-
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করেছে ঐসব স্ত্রীরা চার মাস দশদিন ইদ্দত পালন করবে। ১৯৬
১৯৬.সূরা বাকারা, আয়াত: ২৩৪)
ইদ্দত পালনকালীন বিধান
স্ত্রী স্বামীর ঘরেই ইদ্দত পালন করবে। স্বামী জোর জরবদস্তি করে নিজের ঘর থেকে বের করে দিতে পারবে না। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-
لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ
ইদ্দত চলাকালীন সময়ে তোমরা (স্বামী) তাদেরকে তাদের ঘর থেকে বের কর না এবং তারা নিজেরাও বের হবে না। ১৯৭
১৯৭.সূরা তালাক, আয়াত: ১
ইদ্দত কালীন সময়ে স্ত্রীকে স্বামীর ঘরে রাখার পেছনেও হেকমত আছে। এতে উভয়ের মধ্যে সমঝোতা সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। এ কারণেই ইমাম আবু হানিফা র বলেন, ইদ্দত পালনকালীন সময়ে স্ত্রী খুব সাজসজ্জা ও রূপচর্চার সাথে থাকা উচিত। উত্তম পোশাক-পরিচ্ছদ ও অলঙ্কারাদি পরিধান করা এবং উৎকৃষ্ট মানের সুগন্ধি দ্রব্য ব্যবহার করা উচিত। যেন স্বামী তার দিকে আকৃষ্ট হয়।
ইদ্দতের মধ্যে স্বামী-স্ত্রীর কোন একজন যদি মারা যায় তবে উভয়েই একে অন্যর উত্তরাধিকারী হবে।
ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত মহিলা অন্য কাউকে বিয়ে করতে পরবে না। ইদ্দতের সময়ে স্বামী চাইলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে। এতে স্ত্রীর অনুমতি ও সম্মতির প্রয়োজন পড়বে না।
এ পর্যন্ত আমরা স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্কের অবনতি, তাদের দাম্পত্য জীবনের বিভেদ ও সমস্যাবলীর ইসলামী সমাধান এবং তালাক, ইদ্দত ইত্যাদির শরয়ী নীতি ও বিধিবিধান সম্পর্কে সংক্ষিপ্তাকারে আলোকপাত করেছি। এসব আলোচনার ফলে ইসলামী শিক্ষার গুরুত্ব ও উপকারিতা এবং মানব সমস্যাবলির সমাধানে ইসলামের গভীর আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়। এতে ইসলামী শিক্ষা ও আদর্শের বাস্তব ভিত্তিরও ভারসাম্যপূর্ণতার ছবি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। ইসলাম যে, সহজ ও উদারনৈতিক জীবনাদর্শ এবং এতে চরম পন্থার কোনো সুযোগ নেই আমাদের আলোচনা থেকে সেই সত্যতাও ফুটে উঠেছে।
___________
কিতাব: নন্দিত নারী
লেখক: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন